মোঃ জুম্মান হোসেন,যশোর জেলা প্রতিনিধি: যশোরের ঝুমঝুমপুর বটতলা এলাকা থেকে ইয়াবাসহ রুবেল ওরফে সার্কিট রুবেল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া রুবেল যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার জাকির হোসেনের ছেলে।
অভিযান প্রসঙ্গে ফতেপুর ইউনিয়নের চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ঝুমঝুমপুর বটতলা এলাকায় মাদক কেনাবেচা চলছে। এই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে অভিযান পরিচালনা করলে রুবেল নামের ওই যুবককে আটক করা হয় এবং তল্লাশিকালে তার কাছ থেকে ৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে আগে থেকেই একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (জিআর) জারি ছিল। ইয়াবাসহ হাতেনাতে আটক করার পর সেই পরোয়ানাও কার্যকর বা বডি তামিল দেখানো হয়েছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
এই বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলাজুড়ে মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এলাকায় ‘সার্কিট রুবেল’ নামে পরিচিত এই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।