মোঃ জুম্মান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুরে অনলাইনে চিকিৎসা দেওয়ার পর সাত মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) দুপুরে কেশবপুর পৌর এলাকার কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
মৃত শিশু আরিয়ান মোল্লা (৭ মাস) কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের ইমরান মোল্লা ও রাবেয়া খাতুনের ছেলে। জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতায় তাকে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের মালিক ডা. কামরুজ্জামান রাশিয়া থেকে ভিডিও কলে চিকিৎসা দেন বলে জানা যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় শিশুটির স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে কিছু আসবাবপত্র ভাঙচুর করেন।
এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে