মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ-শুকানি এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে আলুভর্তি একটি অবৈধ পাওয়ার টিলার ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কর লালাপুর-শুকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রলিটি ওভারলোড ছিল এবং গাড়িটির লুকিং গ্লাস (সাইড মিরর) ছিল না। এছাড়া অতিরিক্ত শব্দের কারণে পেছন থেকে কোনো সংকেত শুনতে পাওয়া কঠিন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে আলু বোঝাই একটি ট্রলি দ্রুতগতিতে চলাচল করছিল। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়।
পুলিশ সদস্য মনিরুল ইসলাম (মনিবুর) জানান, তার গাড়ির সামনে একটি বাস এবং তার সামনে ট্রলিটি ছিল। বাসটি ট্রলিটিকে পাশ কাটিয়ে চলে গেলে তিনি সিটি (হর্ন) দিয়ে সাইড চান। প্রথমে ট্রলিচালক সাইড দিলেও পরে হঠাৎ করে ডান দিকে চাপিয়ে দেন। এতে ট্রলিটি পুলিশের গাড়ির ইঞ্জিনের সঙ্গে সোজাসুজি ধাক্কা লাগে এবং পিকআপটিকে ডান পাশে ঠেলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ট্রলিটি অতিরিক্ত বোঝাই ছিল এবং দ্রুতগতিতে চলছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।
ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।