চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে মোটরসাইকেলের ক্লাচের তার কেনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও মামলার ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নাজনীন আরা ও তার পরিবার। নিরাপত্তাহীনতার কারণে তারা বর্তমানে নিজ বাড়ির বাইরে অবস্থান করছেন বলে জানিয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে চারঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নাজনীন আরা ও তার স্বামী জিয়াউর রহমান জুয়েল লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তারা জানান, গত ২৬ এপ্রিল দুপুরে তাদের ছেলে নাফিউল ইসলাম মোটরসাইকেলের ক্লাচের তার কিনতে স্থানীয় একটি দোকানে গেলে মূল্য নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে আহত ছেলেকে হাসপাতালে নেওয়ার সময়ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ঘটনার পর বিভিন্নভাবে ভয়ভীতির মধ্যে রয়েছেন তারা। এ ছাড়া তাদের বাড়িতে ভাঙচুর ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও করেন।
বর্তমানে পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে অন্যত্র অবস্থান করছেন জানিয়ে নাজনীন আরা বলেন, এতে তার সন্তানদের পড়ালেখা এবং অসুস্থ স্বামীর চিকিৎসা ব্যাহত হচ্ছে।
তিনি প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তার ছেলের এইচএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।