হাবিপ্রবি প্রতিনিধি: শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এর মার্কেটিং বিভাগ। বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ এবার ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের জন্য অভিনব এক অ্যাসাইনমেন্ট নির্ধারণ করেছেন—প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করতে হবে।
বিভাগ সূত্রে জানা যায়, মার্কেটিং বিভাগের ২৪তম ও ২৫তম ব্যাচের প্রায় ১১০ জন শিক্ষার্থীকে ছুটিকালীন অ্যাসাইনমেন্ট হিসেবে একটি করে গাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত কাজ সম্পন্ন করলে একজন শিক্ষার্থী ১ নম্বর অর্জন করবে।
সহকারী অধ্যাপক কাজী মো. ইউসুফ জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি মনে করি, একজন শিক্ষার্থীর অর্জিত নম্বরের একটি ইতিবাচক প্রভাব সমাজ ও দেশের ওপর পড়া উচিত। জলবায়ু পরিবর্তনের এই সময়ে যদি প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে এর সম্মিলিত প্রভাব ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গ্র্যাজুয়েশনের সঙ্গে বৃক্ষরোপণকে সংযুক্ত করার ধারণা নিয়ে কাজ হয়েছে। শিক্ষা শুধু ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই বৃক্ষরোপণের মতো কার্যক্রমকে শিক্ষাজীবনের অংশ করা সময়োপযোগী উদ্যোগ।
উদ্যোগটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন শিক্ষার্থীরাও। ২৪তম ব্যাচের শিক্ষার্থী রাসেল রায় বলেন, “আগেও গাছ লাগিয়েছি, তবে এবার অনুভূতিটা ভিন্ন ছিল। কারণ আমরা সবাই মিলে পরিবেশের জন্য একটি ইতিবাচক কাজে অংশ নিয়েছি।”
২৫তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, “এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শুধু গাছের গুরুত্ব সম্পর্কে জানিনি, নিজের হাতে একটি চারা রোপণ করে বিশেষ আনন্দও পেয়েছি। ছোট্ট এই গাছটি একদিন বড় হয়ে পরিবেশের উপকার করবে—এই ভাবনাটি আমাকে অনুপ্রাণিত করেছে।”
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষিত জনশক্তি তৈরির প্রতিষ্ঠান নয়; মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতা বিকাশেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র। হাবিপ্রবির মার্কেটিং বিভাগের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তাভাবনা ও সমাজমুখী মানসিকতা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।