ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল–হরিপুর মহাসড়কে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর হোসেন নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার বিকেলে হরিপুর উপজেলার কামারপুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
নিহত মো. আলমগীর হোসেন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং বর্ডার লাইন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মহাসড়কটিতে বেপরোয়া গতি, পাল্লা দিয়ে গাড়ি চালানো ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে তাজা প্রাণ।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।