ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাজকুমার গোস্বামীকে মাদকসহ আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উপজেলার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রাজকুমার গোস্বামীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ পুড়িয়া গাঁজা এবং মাদক সেবনের পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।"
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ইউপি সদস্যকে আদালতে পাঠানো হবে। একই সঙ্গে মাদক সরবরাহকারী চক্রের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে একজন জনপ্রতিনিধির কাছ থেকে মাদক উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।