ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়কের লোলপুপুর ডিএম স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত হওয়ার পর মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলেরও মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পারিয়া ইউনিয়নের পাড়িয়া গ্রামটলি এলাকার শুধো বালা (স্বামী: গিরেন চন্দ্র) ও তার ছেলে সাজেন।
দুর্ঘটনায় আহত হওয়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে শুধো বালার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত সাজেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন মেজানি বালা (স্বামী: বিনয়), তার বাড়ি ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি নেকমরদ-ঠাকুরগাঁও মহাসড়ক দিয়ে চলাচলের সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মা ও ছেলের মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।