পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে সালেহা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার দর্জিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা ওই এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরু বাঁধতে গেলে একটি বিষধর সাপ সালেহার পায়ে কামড় দেয়। পরে তিনি সাপটিকে সরিয়ে দিয়ে বাড়িতে ফিরে আসেন। স্বজনরা দ্রুত তার পা কাপড় দিয়ে বেঁধে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এ স্থানান্তর করা হয়। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা সরঞ্জাম সংকটের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। নিহতের জামাতা নাজমুল ইসলাম অভিযোগ করেন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুদ ছিল না। ফলে জেলা সদরে নিতে সময় নষ্ট হওয়ায় সালেহার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সময়মতো অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা গেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, রোগী হাসপাতালে পৌঁছানোর সময় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।