রংপুর প্রতিনিধি: রংপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পর্যটন মোটেল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার বাসিন্দা মতিউর রহমানের ছেলে এবং লাহিড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তেল নিতে সুরমা পাম্পে লাইনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী হাসান। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাম্পের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার মাহে আলম জানান, তেল নেওয়ার সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান মেহেদী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যুর খবর জানা যায়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজনের মৃত্যুর খবর তারা জেনেছেন।