ঠাকুরগাঁও-২ আসনে হেরে গিয়েও ভোটারদের কৃতজ্ঞতা জানলেন মাওলানা আব্দুল হাকিম
সুফিয়ান বাবু,বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে দীর্ঘ সময় পর অনুষ্ঠিত নির্বাচনের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রার্থী। তিনি এক বিবৃতিতে বলেন, প্রায় ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছেন এলাকার জনগণ।
বিবৃতিতে তিনি ভোটারদের উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিক অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। গত প্রায় ৩৫ বছর ধরে এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি। এবারের নির্বাচনে জনগণের ভালোবাসা ও আস্থাকে তিনি নিজের “পুঁজি” হিসেবে আখ্যা দেন।
তিনি আরও বলেন, দায়িত্বশীল নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের দিন-রাতের পরিশ্রম, ত্যাগ ও কষ্টের ফলেই এ নির্বাচন সম্ভব হয়েছে। নানা বাধা, হুমকি ও প্রতিকূলতার মধ্যেও তারা আদর্শে অটল ছিলেন বলে মন্তব্য করেন তিনি।
প্রার্থী তার বক্তব্যে বলেন, জনকল্যাণ ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই পথ কণ্টকাকীর্ণ হলেও তারা থামবেন না। সৎ উদ্দেশ্য ও কর্মতৎপরতার মাধ্যমে আল্লাহর সাহায্যে সফলতা অর্জনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি মহান আল্লাহর কাছে সহায়তা কামনা করেন এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।