ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মোহাম্মদ ইউনুস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে শিবগঞ্জ বাজার পাকা রাস্তার পাশে বাবলু মার্কেটের সামনে যাত্রী ছাউনির কাছে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ইউনুস আলী ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার (মধ্য পারপুগী) এলাকার মৃত খাদেমুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় ইউনুস আলীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়।
অভিযানের সময় ইউনুস আলীর ভাই মোহাম্মদ মুসলিম (৩৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের দাবি, ইউনুস আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্যসূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও।