ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ খোরশেদ আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানে তার ব্যবহৃত মোবাইল ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো অ্যাপস পাওয়া যায়। অভিযোগ রয়েছে, তিনি মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে সাইবার স্পেসে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, তারা শুধু মাদক নির্মূলে নয়, অনলাইন ক্যাসিনোসহ সব ধরনের সাইবার অপরাধ দমনেও সক্রিয় রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।