ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পূজা রানী (১৭) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় পূজা বাড়িতেই অবস্থান করছিল। সম্প্রতি মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ কারণে পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বাবার কাছে জেদ করতে থাকে পূজা।
পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে তার বাবা পরে ফোন কিনে দেওয়ার কথা বললেও এতে অভিমান করে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
সোমবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।