আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) জেলার হরিপুর থানাধীন সরকারি মোসলেম উদ্দিন কলেজ এবং রাণীশংকৈল থানাধীন রাণীশংকৈল ডিগ্রি কলেজে পৃথকভাবে এ সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
সভায় পুলিশ সুপার জানান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। গত ৫ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। তিনি আরও বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, নিয়োগকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্র সক্রিয় হতে পারে। তারা চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার তথ্য জানা গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।