ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছেলেকে দাফন করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে, যা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারে ভুগে আমজাদ হোসেন নামের এক ব্যক্তি মারা যান। তার দাফনকার্য সম্পন্ন করতে পরিবারের সদস্যরা কবরস্থানে গেলে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার বাবা নুর ইসলাম। পরে জানা যায়, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়।
নিহতদের বাড়ি ঠাকুরগাঁও পৌরশহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়। একই পরিবারের দুই সদস্যের এমন পরপর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে উল্লেখ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।