মোঃ আবু সুফিয়ান বাবু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের তেলিপাড়া এলাকায় রেজা পাম্পের সামনে অটো ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।
(২৩ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি অটোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে অটোর এবং অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোতে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।