বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ ফুটানি বাজারে ‘কালো সোনা’ খ্যাত পেঁয়াজ বীজ চাষিদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী হালখাতা ও প্রীতিভোজ অনুষ্ঠান। স্থানীয় কৃষকদের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এবং কৃষি উপকরণের বকেয়া অর্থ পরিশোধ উপলক্ষে এ আয়োজন করেন মোর্সস মা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. এরশাদ আলী।
জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা প্রতিবছর ব্যাপক পরিসরে পেঁয়াজ বীজের চাষ করে থাকেন। উন্নতমানের বীজ, সার, কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে দীর্ঘদিন ধরে কৃষকদের পাশে রয়েছে মোর্সস মা ট্রেডার্স। অনেক কৃষক মৌসুমের শুরুতে বাকিতে কৃষি উপকরণ গ্রহণ করে ফসল বিক্রির পর মূল্য পরিশোধ করেন।
এই বকেয়া অর্থ আদায়কে কেন্দ্র করে কৃষকদের সম্মান জানাতে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয় বিশাল হালখাতা ও প্রীতিভোজের। সকাল থেকেই বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে কৃষক, ব্যবসায়ী, সুধীজন ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মো. এরশাদ আলী বলেন, “কৃষকরা আমাদের দেশের প্রাণ। তাদের পরিশ্রম ও ত্যাগের কারণেই কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি মানবিক সম্পর্ককেও গুরুত্ব দিই। তাই প্রতিবছরের ন্যায় এবারও কৃষকদের নিয়ে এই হালখাতার আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “হালখাতা শুধু পাওনা আদায়ের বিষয় নয়, এটি পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করার একটি মাধ্যম। আমরা চাই কৃষক ভাইয়েরা আনন্দের সঙ্গে তাদের হিসাব পরিশোধ করবেন এবং আগামীতেও একসঙ্গে কাজ করে এলাকার কৃষিকে আরও সমৃদ্ধ করবেন।”
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল বিশাল খাবারের আয়োজন। প্রায় ৬০০ জনেরও বেশি মানুষের জন্য গরুর মাংস, মাছ, দই, ডাল, ভাতসহ নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
স্থানীয় কৃষকরা জানান, এমন আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। কৃষকদের মূল্যায়ন ও সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ীদের সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এলাকার সচেতন মহল মনে করেন, কৃষকদের নিয়ে এ ধরনের আয়োজন শুধু ব্যবসায়িক সম্পর্ক নয়, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে দিনব্যাপী হালখাতা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদক:
মো. তোফাজ্জুল ইসলাম মুন্না
উপজেলা প্রতিনিধি, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও।