ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রাহকদের নির্ধারিত পরিমাণের চেয়ে কম ওজনে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেকমরদ এলাকার ‘মেসার্স ভাই ভাই ফিলিং স্টেশন’ এবং গোগর এলাকার ‘আব্দুর রহিম ফিলিং স্টেশন’-এ অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও সঠিক পরিমাণে জ্বালানি তেল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।