মোঃ আবু সুফিয়ান বাবু ঠাকুরগাঁও প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোট্ট শিশুর মায়ের কাছে লেখা আবেগঘন চিঠি ভাইরাল হয়েছে। চিঠিটি পড়লে যে কারও মন ভারী হয়ে উঠছে। এতিমখানায় থাকা শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি অনেক মানুষের হৃদয় স্পর্শ করেছে।
জানা যায়, শিশুটির নাম তাহাসিন আব্দুল্লাহ। ছোট্ট বয়সেই তাকে মায়ের কাছ থেকে দূরে থেকে এতিমখানায় থাকতে হচ্ছে। সম্প্রতি তার মা তাকে দেখতে গেলে সে মায়ের হাতে একটি ছোট চিরকুট তুলে দেয়। সেই চিরকুটেই ছিল তার মায়ের কাছে লেখা আবেগময় চিঠি।
চিঠিতে তাহাসিন লিখেছে—
“আম্মা, আমারে সাবান দিও। তিন দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিও, আগেরটা ছিঁড়া গেছে। ইফতারে বুট-মুড়ি দেয়, রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু ভালো খাবার আইনো। একটা মশারি দিও আর চাদর দিও, মশা কামড়ায়।”
শিশুটির এই ছোট ছোট আবদারই মানুষের মন ছুঁয়ে গেছে। তার চাহিদা খুব বেশি নয়—একটি সাবান, একটি সাদা পাঞ্জাবি, কিছু ভালো খাবার, আর মশা থেকে বাঁচার জন্য একটি মশারি ও একটি চাদর।
শিশুটির মা নাসরিন আক্তার জানান, ২০১৮ সালে তাহাসিনের বাবা মারা যান। এরপর থেকে তিনি একাই সন্তানদের নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কিন্তু তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অন্য কিডনিটিও গুরুতর অসুস্থ। নিজের শারীরিক অবস্থার কারণে সন্তানকে ঠিকমতো দেখাশোনা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
তিনি বলেন, “আমি কখন মারা যাই সেই ভয় থেকেই ছেলেটাকে এতিমখানায় দিয়ে দিয়েছি, যাতে অন্তত ও খেয়ে-পড়ে থাকতে পারে।”
চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়েছেন। অনেকেই বলছেন, ছোট্ট তাহাসিনের সরল এই চাওয়া-পাওয়া সমাজের মানুষকে নাড়া দিয়েছে।
অনেকেই আশা প্রকাশ করেছেন, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষরা এমন অসহায় শিশুদের পাশে দাঁড়াবেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।