মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ইফতারের সময়ে ভাজাভুজি বা ঝাল খাবারের সঙ্গে একটি সুস্বাদু মিষ্টি পদ থাকাটা অনেকের কাছেই স্বাভাবিক বিষয়। বিশেষ দিনে ইফতারের মেন্যু একটু সমৃদ্ধ করতে চাইলে জিলাপি বা শরবতের পাশাপাশি মুখরোচক কোনো পায়েস রাখা যেতে পারে। মিষ্টি হলেও হালকা ও স্বাস্থ্যকর হওয়ায় ছানার পায়েস ইফতারের জন্য একটি চমৎকার পছন্দ।
রোজা রাখার পর ইফতারে ছানার পায়েস খেলে যেমন স্বাদ পাওয়া যায়, তেমনি পেটও থাকে আরামদায়ক। সাধারণত পায়েস বলতে আমরা চাল ও দুধের তৈরি খাবারকেই বুঝি। তবে ছানার পায়েস স্বাদে যেমন ভিন্ন, তেমনি পুষ্টিগুণেও সমৃদ্ধ। বিশেষ করে সময় কম থাকলে এটি সহজেই তৈরি করা যায় এবং ঝামেলাও কম।
ছানার পায়েস তৈরির উপকরণ
ছানা – ১০০ গ্রাম
ক্ষীর – ৫০ গ্রাম
কনডেন্সড মিল্ক – ৫০ গ্রাম
চিনি – স্বাদমতো
জাফরান – এক চিমটে
পেস্তা – ৫–৬টি
কাজু বাদাম – ৫০ গ্রাম
দুধ – ৫০০ গ্রাম
গোলাপ জল – আধা চা চামচ
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি ননস্টিক পাত্রে দুধ জ্বাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিতে হবে। অন্যদিকে একটি পাত্রে ছানা ও ক্ষীর ভালোভাবে মেখে ছোট ছোট বল তৈরি করতে হবে।
এরপর ফুটন্ত দুধের মধ্যে গোলাপ জল, চিনি ও কনডেন্সড মিল্ক দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর তৈরি করা ছানার বলগুলো দুধের মধ্যে দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
দুধ আরও কিছুটা ঘন হয়ে এলে এলাচ ভেঙে দিয়ে স্বাদ বাড়ানো যায়। শেষে পেস্তা, কাজু বাদাম ও জাফরান ছড়িয়ে পায়েস নামিয়ে নিতে হবে।
পরিবেশনের আগে পায়েসটি একটি কাঁচের পাত্রে ঢেলে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রাখলে স্বাদ আরও ভালো লাগে।
স্বল্প সময় ও কম পরিশ্রমে তৈরি করা এই সুস্বাদু ছানার পায়েস ইফতারের মেন্যুকে করবে আরও সমৃদ্ধ। পাশাপাশি এটি পরিবার ও অতিথিদের জন্য হতে পারে স্বাস্থ্যকর ও মুখরোচক একটি মিষ্টি পদ।